শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুর থানার মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করে সাফল্যের শীর্ষে রয়েছে চরভয়রা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির মোট ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭ জন। সার্বিক পাসের হার ৭৪ দশমিক ৪৪ শতাংশ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় চরভয়রা উচ্চ বিদ্যালয় থেকে ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৭ জন পাস করেছে এবং ২৩ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে পাঁচজন শিক্ষার্থী।

নিয়মিত পরীক্ষার্থীদের ফলাফলে বিদ্যালয়টির সাফল্য আরও ভালো। ৭১ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ এবং ১১ জন অনুত্তীর্ণ হয়েছে। ফলে নিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, ১৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে সাতজন উত্তীর্ণ এবং ১২ জন অনুত্তীর্ণ হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার ৩৬ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলেও বিজ্ঞান বিভাগ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এ বিভাগ থেকে ২২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ১০০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে এবং ৯ জন অনুত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৭৮ দশমিক ০৪ শতাংশ। তবে মানবিক বিভাগে ফলাফল তুলনামূলকভাবে কম। এ বিভাগে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন উত্তীর্ণ এবং ১৪ জন অনুত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, ফলাফলটি বিদ্যালয়ের জন্য উৎসাহব্যঞ্জক। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস এবং পাঁচ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের শতভাগ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে তারা সন্তুষ্ট। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস এবং পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের জন্য আনন্দের ও গর্বের বিষয়। এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ফলাফলকে আরও ভালো পর্যায়ে নিতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Email