
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের (এসবিএফ) প্রতিনিধিদল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ফোরামের সম্মানিত উপদেষ্টা আবেদুর রহমান সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সম্প্রতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক মোস্তফা কামাল সৈকত, প্রিমিয়ার ব্যাংকের ভুলতা শাখার ব্যবস্থাপক ইমদাদুল হক রব্বানি, সংগঠনের সদস্য সচিব মোস্তফা মাহবুব বাবু, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তাফিজুর রহমান, তৌফিক আহমেদ, আল মামুন মিয়া ও আবদুল্লাহ তুহিন উপস্থিত ছিলেন।
এ সময় শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সাফল্য এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ফোরামের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের সার্বিক কার্যক্রম, গঠনতন্ত্র, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কল্যাণমুখী করার লক্ষ্যে আবেদুর রহমান সিকদার বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি শরীয়তপুরের ব্যাংকারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা ও উন্নয়ন এবং ব্যাংকারদের কল্যাণে শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ফোরামের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে ফোরামের নেতৃবৃন্দও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁদের প্রত্যয়ের কথা জানান।














