স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে কর্মরত শরীয়তপুর জেলার সাংবাদিকদের সংগঠন শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শরীয়তপুর জেলার উন্নয়ন, সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)–এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদ। এছাড়া শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ক্ষেত্রে শরীয়তপুর এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তাই সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত শরীয়তপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মজিবুর রহমানসহ শরীয়তপুর সাংবাদিক সমিতি অন্যান্য নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
Email