
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাঢ়া সড়কের যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা উচ্ছেদ করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। এরই অংশ হিসেবে ফতুল্লার চানমারি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জায়গা উদ্ধার করেছে সওজ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং সেনাবাহিনীর মিলিটারি স্টেটের উপসচিব বাবুল মিয়া।
সওজ সূত্রে জানা যায়, উদ্ধার করা জায়গাটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা মাইক্রো ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটি ব্যবহার করে আসছিল। ভূমি বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য শ্রমিক কমিটিকে ফতুল্লার চানমারি এলাকায় বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয় সওজ।
তবে বিকল্প জায়গা বরাদ্দ দেওয়ার পরও শ্রমিক কমিটি সেখান থেকে সরে যেতে প্রায় ছয় মাস ধরে গড়িমসি করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সওজের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উদ্ধার করা জায়গা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সাইনবোর্ড-চাষাঢ়া সড়কের যানজট নিরসনে সওজ ও সেনাবাহিনীর মধ্যে ভূমি বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














