
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাট্যাঙ্গন, টেলিভিশন ও চলচ্চিত্রের এক বহুমুখী শিল্পী রবিন বসাক। মঞ্চ ও মিডিয়ায় সক্রিয় থেকে তিনি নিজেকে একজন দক্ষ ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার অভিনয় প্রশিক্ষণ ও বিচারকার্যে নতুনভাবে যুক্ত হয়েছেন রবিন বসাক। আভাস থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত অভিনয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি চ্যানেল আই ‘শাপলাকুঁড়ি ২০২৬’ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ের অভিনয়ের বিচারকের দায়িত্বও পালন করেন এই নাট্যকর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই নাট্যদল থিয়েটার-এর সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে অভিনয়ের মাধ্যমে রবিন বসাকের অভিনয় জীবনের সূচনা। থিয়েটারকেন্দ্রিক শিকড় থেকেই গড়ে উঠেছে তাঁর অভিনয়ের ভিত্তি। দীর্ঘ এই পথচলায় বাংলাদেশের বিভিন্ন মঞ্চোৎসব ও নাট্যপ্রদর্শনীর পাশাপাশি ইতালি, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। মঞ্চে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা এবং সেট, কস্টিউম ও প্রপস ডিজাইনার হিসেবেও কাজ করেছেন রবিন। দীপ্ত টিভিসহ বিভিন্ন টেলিভিশন মাধ্যমে নাটক, ধারাবাহিক ও বিশেষ টেলিফিল্মে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বেতার-অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা তাঁর শিল্পীসত্তাকে করেছে আরও সমৃদ্ধ।
রবিন বসাক বলেন- আমি নিজে একসময় নিজ জেলা কিশোরগঞ্জ থেকে ‘শাপলাকুঁড়ি’ প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে পুরষ্কৃত হয়েছি এখন আমি নিজে সেখানে বিচারকের দায়িত্ব পালন করছি এটা আমার কাছে বিশেষ আনন্দের। ধন্যবাদ জিয়া শিশু একাডেমিকে। আভাস থিয়েটারের নাট্যকর্মশালায় নতুন নাট্যকর্মীদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি সত্যিই বিষয়টা খুব উপভোগ করেছি। মঞ্চে বারামখানা, পোহালে শর্বরী, লাভ লেটারস ও মলুয়ার প্রেমাখ্যান নাটক গুলো চলছে। টাকার সাথে বিয়ে, শখের প্রবাস, ভাই আমার সব, জীবন নিয়ে খেলা নাটক গুলো ইউটিউবে প্রশংশিত হয়েছে। ঈগল মিউজিক-এর ব্যানারে সম্প্রতি কয়েকটি নাটকের কাজ শেষ হয়েছে। এছাড়াও মঞ্চ ও ভিজ্যুয়াল মাধ্যমে তাঁর আরও কিছু নতুন কাজ আসছে।














